বাগেরহাটে মাছের ঘেরের পাড়ে বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
জয়া ২৪
বাগেরহাটের মোল্লাহাটে একটি মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা নামের সাত বছর বয়সী এক শিশুকন্যার বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকা থেকে মর্মান্তিক এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশু মুসলিমা বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে ঘরে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা একটি মাছের ঘেরের পাড়ে পরিত্যাক্ত বস্তা দেখতে পান। সন্দেহ হলে বস্তা খুলে শিশুর রক্তাত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের কারণ উন্মোচন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে।